
নতুন ফুটবল মৌসুমে (২০২৬-২৭) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের ম্যানেজার মনোনীত হয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার আরমান আজিজ। গতকাল বুধবার বিকালে ধানমন্ডি ক্লাব মাঠে মোহামেডান ফুটবল দলের অনুশীলন পরিদর্শন করে আরমান আজিজকে ম্যানেজার হিসেবে ঘোষণা দেন ক্লাবের পরিচালক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময় ক্লাবের পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরমান আজিজ মোহামেডানেরই ঘরের ছেলে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ঘরোয়া ফুটবলে সাদাকালো জার্সিতে খেলেছেন তিনি। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আবাহনীতে খেলে ২০১৫ সালে আবার সাদাকালো শিবিরে ফিরেছিলেন। দুই বছর মোহামেডানের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি।
অধিনায়ক হিসেবে আরমান আজিজ মোহামেডানকে একটি সুপার কাপ, দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপসহ পাঁচটি শিরোপা জিতিয়েছেন। এছাড়া খেলোয়াড় হিসেবেও জাতীয় লিগের শিরোপা জিতেছেন তিনি। ২০০৮ সালের ফেডারেশন কাপের ফাইনালের আগে মারাত্মক ইনজুরিতে পড়েন আরমান আজিজ। তার ডান পায়ে লেগেছিল ১১টি সেলাই। ডাক্তার তাকে ২১ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিলেও মাত্র দু'দিন পরই আবাহনীর বিপক্ষে ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থাকা সেই ফাইনালে মোহামেডান ম্যাচে ফিরেছিল রবিনের গোলে। গোলটির পাস দিয়েছিলেন আরমান আজিজ।
মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেই তিনি খুলে রেখেছিলেন বুট-জার্সি। ২০১৭ সালে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন মোহামেডানের বিপক্ষেই। ক্যারিয়ারের স্বর্ণালী সময় কাটানো ক্লাবের ফুটবল দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আবারও ফিরলেন সাবেক এই হোল্ডিং মিডফিল্ডার।