ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রোসারিওতে ফিরলেন মেসি, সামনে এখন শুধু শেষ ম্যাচ

রোসারিওতে ফিরলেন মেসি, সামনে এখন শুধু শেষ ম্যাচ

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের জীবনের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার সকালে নিজের শহরে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবার রোসারিও তার শেষ গন্তব্য নয়। সামনে বুয়েনস এইরেস, জাতীয় দলের ক্যাম্প এবং তারপর সেই ম্যাচ-যে ম্যাচের পর আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ১০ নম্বরকে! আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে দুই দশকের বেশি সময়ের পথচলায় ইতি টানবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে তার বিদায়ী ম্যাচ হিসেবে নিশ্চিত করেছে। মনুমেন্তাল স্টেডিয়ামে সেদিন শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ হবে না, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দীর্ঘতম অধ্যায়গুলোর একটিরও পর্দা নামবে।

বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। এই ম্যাচকেই মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি অবশ্য শুরু থেকেই জাতীয় দলের এবারের স্কোয়াডে ছিলেন। কিন্তু তার ম্যাচ খেলার বিষয়টি আগে থেকেই নির্ধারিত। কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, বেনিনের বিপক্ষে ম্যাচেই মাঠে নামবেন তিনি। বাংলাদেশ সময় আজ রাত পেরিয়ে ভোরে মনুমেন্তালে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি নিয়ে মেসির উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা নেই-তিনি এই ম্যাচের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। তার জন্য আসল মঞ্চ রাখা হয়েছে পরের ম্যাচটি! মেজর লিগ সকারে এই সপ্তাহে ম্যাচ না থাকায় যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফেরার সুযোগ পেয়েছেন মেসি। রাতের ফ্লাইটে পরিবারের সদস্যদের নিয়ে রওনা হয়ে সকালে পৌঁছান রোসারিওতে। নিজের শহরে কিছুটা সময় কাটিয়ে এবার তার যাওয়ার কথা বুয়েনস এইরেসে। এরপর জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। বিদায়ের আগে অবশ্য মেসির পায়ের জাদু থামেনি। বরং শেষ আন্তর্জাতিক অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়েও দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। এর মধ্যে সর্বশেষ দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে-যেন বিদায়ের আগে আরও একবার নিজের চেনা অস্ত্রের ধার দেখাচ্ছেন তিনি! বেনিনের বিপক্ষে তাই মেসিকে দেখা যাবে শুরু থেকেই। বাহুতে থাকবে অধিনায়কের আর্মব্যান্ড, গায়ে সেই পরিচিত ১০ নম্বর জার্সি। তবে জার্সিটিও হবে বিশেষ। ঐতিহাসিক ম্যাচের জন্য তার জন্য রাখা হয়েছে বিশেষ সংস্করণের জার্সি, ম্যাচ শেষে যেটি নিজের সংগ্রহে রাখবেন মেসি। এই ম্যাচকে ঘিরে আবেগ শুধু মাঠের বাইরেই নয়, মেসির পরিবারের মধ্যেও। আন্তোনেলা ও তাদের তিন সন্তান এবারও থাকবেন তার পাশে। রোসারিও থেকে জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে পরিবারের সঙ্গে নিজের শহরে ফেরা তাই বিদায়ের গল্পে যোগ করেছে আরেকটি ব্যক্তিগত অধ্যায়। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলায় এসেছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, রেকর্ড, অসংখ্য গোল এবং দীর্ঘ অপেক্ষার পর বড় শিরোপার আনন্দ। এখন সেই পথচলার শেষ ম্যাচটিই বাকি। বেনিনের বিপক্ষে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হবে শুধু একটি ম্যাচ নয়, শেষ হবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মেসির আন্তর্জাতিক ফুটবলের অধ্যায়ও। রোসারিওতে ফিরে তিনি আবার জাতীয় দলের পথে। সামনে মনুমেন্তাল। আর সেই মাঠেই অপেক্ষা করছে মেসির শেষ আন্তর্জাতিক রাত-অধিনায়ক হিসেবে, ১০ নম্বর হয়ে, আর্জেন্টিনার জার্সিতে শেষবার!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত