ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

অধিনায়ক শান্তকে নিয়ে স্বস্তির খবর

অধিনায়ক শান্তকে নিয়ে স্বস্তির খবর

জাপান থেকে দেশে ফেরার পর থেকেই নাজমুল হোসেন শান্তকে ঘিরে ছিল একটাই প্রশ্ন-আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কি তাকে পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তর মিলেছে। সব শঙ্কা পেছনে ফেলে আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আগামী শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেতৃত্বের দায়িত্বও থাকছে শান্তর হাতে। ঘটনার শুরু আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে। দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে জাপানে গিয়েছিলেন শান্ত। কিন্তু সেখানে পৌঁছানোর পর জ্বরে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের কোনো ম্যাচেই খেলা হয়নি তার। দল জাপানে থাকলেও আগেই দেশে ফিরে আসেন এই টপ অর্ডার ব্যাটার। দেশে ফেরার পরও পুরোপুরি স্বস্তি মিলছিল না। এমনকি শঙ্কা তৈরি হয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও হয়তো অধিনায়ককে পাওয়া যাবে না। গত ১ অক্টোবর টেস্ট দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেও তাঁদের সঙ্গে ছিলেন না শান্ত। তার অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজের হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের ভার। তবে পরিস্থিতি দ্রুত বদলেছে। জাপানে অসুস্থ হওয়ার পর দেশে ফিরে সুস্থ হয়ে ওঠেন শান্ত। ডেঙ্গু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল, তবে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল রাতে মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছেন তিনি। শুধু চিকিৎসকদের ছাড়পত্রই নয়, মাঠেও ফিরেছেন। গতকাল এবং আজ সকালে মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক।

এবার তাই দলের সঙ্গে যোগ দিতে আর বাধা নেই। বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।' দুবাইয়ে পৌঁছে খুব বেশি সময় অবশ্য হাতে পাচ্ছেন না শান্ত। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে প্রায় দুই দিন প্রস্তুতির সুযোগ পাবেন তিনি। এরই মধ্যে তাকে ছাড়াই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। শান্তর অনুপস্থিতিতে সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। শান্তকে নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফও আশাবাদী ছিলেন। তার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে বিসিবির কোচ নাজমুল হোসেন বলেন, 'শান্তকে নিয়ে আমি বলব, গত দেড়-দুই বছর ধরে ও যেভাবে টেস্ট এবং ওয়ানডেতে ক্রিকেট খেলে আসছে, তাতে আমাদের দলে ওর প্রয়োজনীয়তা অনেক এবং ও নিজেকে প্রমাণও করেছে। শান্ত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত