ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আবারও মুখোমুখি আইপিএল-পিসিবি

আবারও মুখোমুখি আইপিএল-পিসিবি

অর্থের ঝনঝনানি নাকি বৈরী আবহাওয়া, কাকে অগ্রাধিকার দেবে ক্রিকেট বোর্ড? সম্প্রচারকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী হিসেব আর মাঠের বাস্তবতার টানাপোড়েনে শেষ পর্যন্ত আবহাওয়া ও দলগুলোর ইচ্ছাই জয়ী হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে টুর্নামেন্ট এগিয়ে আনার আলোচনা থাকলেও কোনো পরিবর্তন হলো না। ফলে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট লিগ আইপিএলের সঙ্গে একই সময়সূচিতে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিসিবি তাদের দ্বাদশ আসরের নতুন সময়সূচি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ মার্চ শুরু হয়ে মে মাসের ২ তারিখে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের। গত আসরের মতো এবারও টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল।

তবে এই সিদ্ধান্ত গ্রহণের পেছনের পথটি ছিল বেশ জটিল। ২০২৯ সাল পর্যন্ত পিএসএলের সম্প্রচারস্বত্ব হাতে থাকা ও রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির মালিক প্রতিষ্ঠান 'ওয়ালি টেকনোলজিস' টুর্নামেন্টটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের জোর দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, পাকিস্তানে বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান রমজান মাসেই বিজ্ঞাপনের বড় বাজেট খরচ করে ফেলে। ফলে রমজান শেষ হওয়ার পর টুর্নামেন্ট গড়ালে সম্প্রচারকদের জন্য কাঙ্ক্ষিত স্পন্সর ও বিজ্ঞাপন পাওয়া কঠিন হয়ে পড়ে। সম্প্রচারকারীদের এই আর্থিক উদ্বেগের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর লন্ডনে পিএসএল গভর্নিং কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে পরবর্তীতে আটটি ফ্র্যাঞ্চাইজির লিখিত মতামত নেয় পিসিবি। এতে অধিকাংশ দলই মার্চ থেকে মে মাসের উইন্ডোটিতে খেলার পক্ষে রায় দেয়। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পিএসএল না করার পেছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। ওই সময়ে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে তীব্র শীতের সঙ্গে দেখা দেয় ভয়াবহ ঘন কুয়াশা। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির মতো পিএসএলের প্রধান ভেন্যুগুলোতে কুয়াশার কারণে ম্যাচ বানচাল হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাছাড়া টুর্নামেন্ট ওই সময়ে আয়োজন করলে শেষদিকের অংশ আবার রমজানের ভেতরে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

উল্লেখ্য, ২০১৬ সালে শুরুর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত ফেব্রুয়ারি-মার্চ উইন্ডোতেই অনুষ্ঠিত হতো পিএসএল। তবে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে পিসিবি বাধ্য হয়ে টুর্নামেন্ট পিছিয়ে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত