
অস্ট্রেলিয়া ১৬৩, বাংলাদেশ ৭৩- আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে রেটিং পয়েন্টেই যেন পরিষ্কার দুই দলের শক্তির ব্যবধান। প্রথম ওয়ানডেতে সেটি আরও স্পষ্ট করে দিল অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে বাংলাদেশকে গুড়িয়েই এগিয়ে গেল স্বাগতিকরা। ব্রিজবেনে গতকাল শুক্রবার বাংলাদেশকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ১৬৬ রানের জবাবে ১৪৬ বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। বল হাতে অ্যানাবেল সাদারল্যান্ড আর ব্যাটিংয়ে দলের জয় সহজ করেন ফিবি লিচফিল্ড। বাংলাদেশের জন্য উপলক্ষটা ছিল বেশ বড়।
যে কোনো সংস্করণে প্রথমবার অস্ট্রেলিয়ার মাঠে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ খেলতে নেমেছিল তারা। কিন্তু ব্যাটিং-বোলিংয়ে সেই উপলক্ষ রাঙানোর মতো কিছুই করতে পারেনি নিগার সুলতানার দল। ম্যাচে বাংলাদেশের পিছিয়ে পড়ার শুরু একদম প্রথম বল থেকেই।
টস হেরে ব্যাট করতে নেমে মেগান শুটের প্রথম বলে ফেরেন ফারজানা হক। বাড়তি বাউন্স করা ডেলিভারি অভিজ্ঞ ব্যাটারের ব্যাটের কাঁধের অংশ ছুঁয়ে যায় স্লিপে থাকা লিচফিল্ডের হাতে। নিজের পরের ওভারে আরেক ওপেনার শারমিন সুলতানাকে আউট করেন শুট।