ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধার

ক্রিকেটারদের চুরি হওয়া মালামাল উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশন ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালোনা হয়। এসময় একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, ম্যাসাজ বেড, লাগেজ, চারটি প্লাস্টিকের বাক্স, নগদ আট হাজার টাকা, তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), একই উপজেলার বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদাত হোসেন (৫২)। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিসিবির অধীনে পরিচালিত ডিভিশন ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওয়ানা হয়। পরদিন ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। ভোর ৫টা ৫ মিনিটে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ডভ্যানের পেছনের তালা ভেঙে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি লাগেজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যান।পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ডভ্যানের চালককে জানান।

এরপর চালক গাড়ি থামিয়ে পেছনের দরজার তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। ঘটনাটি গাড়ির মালিককে জানানোর পর চালক রাজশাহীতে পৌঁছান। পরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে মালামাল নামানোর সময় দেখা যায়, ক্রিকেট দলের মোট ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজ চুরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত