
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নতুনের আগমন আর অভিজ্ঞদের প্রত্যাবর্তনে সাজল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান বেঞ্জামিন সুলিভান ও ইংল্যান্ডপ্রবাসী মোহাম্মদ মাহি খানের প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া। তবে নতুন মুখের ভিড়ে জায়গা হয়নি সাম্প্রতিক সময়ে গোলের দেখা পাওয়া ফরোয়ার্ড রাফায়েল টুডুর। দল নির্বাচন ঘিরে তাই স্বস্তির পাশাপাশি প্রশ্নও তৈরি হয়েছে!
রোনান ও মাহি- দুজনেরই রয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা।
তবে জাতীয় দলের বড় মঞ্চে এবারই প্রথম নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন তারা। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর পথে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই জোড়া গোল করে নজর কাড়েন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান বর্তমানে খেলছেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে।
অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাহি খানের পথচলাও বেশ আকর্ষণীয়। দেশটির নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা এই স্ট্রাইকার চলতি মৌসুমে সাত ম্যাচেই করেছেন নয় গোল। বয়সভিত্তিক জাতীয় দলের অভিজ্ঞতার সঙ্গে ক্লাব ফুটবলে গোলের ধারাবাহিকতা তাকে সিনিয়র দলের দরজায় পৌঁছে দিয়েছে। নতুন দুই মুখের অন্তর্ভুক্তিতে আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেও জায়গা ধরে রাখতে পারেননি ইমন। তবে অভিজ্ঞতার ওপর আস্থা রেখে আবারও দলে ফিরিয়েছেন কোচ থমাস ডুলি। তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে। আসিয়ান কাপে চোটের কারণে ছিলেন না তপু বর্মন। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় থাকতে পারে রাফায়েল টুডুর নাম। এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের এই ফরোয়ার্ড। ঘরোয়া লিগেও ফর্টিজের হয়ে দুটি গোল রয়েছে তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে গোল করার পরও সাফের প্রাথমিক দলে জায়গা হয়নি এই বাংলাদেশি ফরোয়ার্ডের।
এর পেছনে রয়েছে দল জমা দেওয়ার সময়সীমা। ১৮ অক্টোবরের মধ্যে সাফে অংশগ্রহণকারী দলগুলোকে ২৮ সদস্যের তালিকা জমা দিতে হয়েছে। বাংলাদেশ কোচ থমাস ডুলি নির্ধারিত দিনেই বাফুফের কাছে তালিকা জমা দেন। ফলে পরবর্তী সময়ে টুডুর পারফরম্যান্স বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি বলে জানা গেছে। তবে ২৮ জনের বাইরে থাকা দুই গোলরক্ষক মোহাম্মদ আসিফ ও ইসহাক আকন্দকে অনুশীলনের জন্য ক্যাম্পে ডেকেছেন কোচ। টুডুর ক্ষেত্রেও এমন সুযোগ রাখা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। এখানেই সাফের দল নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্ন উঠছে। আগের আসরগুলোতে ৩৫ জনের প্রাথমিক তালিকা দেওয়া হতো। টুর্নামেন্ট শুরুর আগের দিন জমা দিতে হতো ২৩ সদস্যের চূড়ান্ত দল। এবার নিয়মে পরিবর্তন এনে তিন সপ্তাহ আগেই ২৮ জনের তালিকা চূড়ান্ত করতে হচ্ছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেলের ব্যাখ্যা, ফিফা উইন্ডোর বাইরে কয়েকটি ম্যাচ থাকায় দলগুলোকে ২৮ জন রাখার সুযোগ দেওয়া হয়েছে, যাতে পরিবর্তনের সুযোগ থাকে।
কিন্তু সময়সীমা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। তিন সপ্তাহ আগে দল চূড়ান্ত হয়ে যাওয়ায় এর মধ্যে কোনো খেলোয়াড় দারুণ পারফরম্যান্স করলেও কিংবা কেউ চোটে পড়লে বিকল্প নেওয়ার সুযোগ কতটা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শৃঙ্খলাজনিত পরিস্থিতিও বদলে যেতে পারে এই সময়ে। ২৮ জনের বাইরে থেকে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ কেন রাখা হয়নি, সে প্রশ্নেরও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সাফের সাধারণ সম্পাদক।
এদিকে আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং করার কথা। খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে বাফুফের সভাপতি আমিরুল ইসলাম বাবুর কাছে। আসিয়ান কাপের সময় দলের শৃঙ্খলা নিয়ে সমালোচনা থাকলেও এবারও তার ওপরই আস্থা রাখছে ফেডারেশন। তবে ক্যাম্প শুরুর আগে জাতীয় দল কমিটির সভা না হওয়ায় অসন্তোষ রয়েছে সংশ্লিষ্ট মহলে। সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন এই ক্যাম্পে থাকবেন কি না, সেটিও এখনো পরিষ্কার নয়। ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকায় শুরু হবে ৫ নভেম্বর ২০২৬। টুর্নামেন্টটি চলবে ১৭ নভেম্বর অব্দি!
সাফের বাংলাদেশ স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান। শুধু অনুশীলনের জন্য: মো. আসিফ ও ইসহাক আকন্দ।