ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রোনালদোর গোল নিয়ে নতুন বিতর্ক

রোনালদোর গোল নিয়ে নতুন বিতর্ক

গোলের পর চিরচেনা 'সিউ' উদ্‌যাপন, মুখে আত্মবিশ্বাসের ছাপ। মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর আচরণে বিন্দুমাত্র সংশয় ছিল না। কিন্তু পরিসংখ্যানের খাতায় তার সেই গোল নিয়েই দেখা দিয়েছে বিভ্রান্তি। সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামে লিখলেও ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান অপ্টার হিসাবে সেটি আত্মঘাতী গোল! ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটতে থাকা পর্তুগিজ মহাতারকার জন্য তাই একটি গোল নিয়েই তৈরি হয়েছে নতুন আলোচনা।

আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে ঘটনাটি ঘটে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সি রোনালদো। কিন্তু বলের সঙ্গে তার মাথার স্পষ্ট সংযোগ হয়েছিল কি না, তা নিয়ে রয়েছে সংশয়। শেষ পর্যন্ত আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে বল জালে জড়ায়। গোলের পরপরই নিজের চিরচেনা উদ্‌?যাপনে মেতে ওঠেন রোনালদো। সৌদি প্রো লিগও গোলটির কৃতিত্ব দিয়েছে তাকেই। তবে ইএসপিএনের পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপ্টা ভিন্ন হিসাব সামনে এনেছে। তাদের বিবেচনায়, জিরোত্তোর গায়ে লেগে বল জালে যাওয়ায় এটি আত্মঘাতী গোল।

বিতর্কের গুরুত্ব অবশ্য শুধু একটি গোলের মালিকানা নিয়ে নয়। কারণ, রোনালদোর সামনে এখন ক্যারিয়ারের ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক। প্রতিটি গোলই তার জন্য গুরুত্বপূর্ণ। সৌদি প্রো লিগের হিসাব অনুযায়ী, আল ফয়সালির বিপক্ষে গোলটি ধরলে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা ৯৮২। হাজারি ক্লাবে প্রবেশ করতে প্রয়োজন আর মাত্র ১৮ গোল। অন্যদিকে অপ্টার হিসাবে গোলটি আত্মঘাতী হলে রোনালদোর ব্যক্তিগত গোলসংখ্যায় সেটি যুক্ত হওয়ার কথা নয়। ফলে গোলটির স্বীকৃতি নিয়ে দুই প্রতিষ্ঠানের এই মতপার্থক্য তার ১০০০ গোলের অভিযানের হিসাবেও প্রভাব ফেলতে পারে।

ম্যাচ শেষে অবশ্য বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি রোনালদো। বরং ইনস্টাগ্রামে নিজের গোল উদ্‌?যাপনের ছবি পোস্ট করে লিখেছেন, 'চলো এগিয়ে যাই!' গোলের মালিকানা নিয়ে বাইরে যত আলোচনা থাকুক, নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন তিনি। ম্যাচের বাকি গল্প অবশ্য আল নাসরের জন্য ছিল স্বস্তির। শুরুতেই আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর রোনালদোর সেই বিতর্কিত গোল ব্যবধান দ্বিগুণ করে। পরে থিও বঙ্গোন্ডা আল ফয়সালির হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।

এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপার দৌড়েও নিজেদের অবস্থান শক্ত রেখেছে রিয়াদের ক্লাবটি। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে আল কাদসিয়া। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। জাতীয় দল ঘিরে সাম্প্রতিক বিতর্কের পরও ক্লাবের হয়ে মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন রোনালদো। চলতি মাসের শুরুতে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনার পর তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করা হয়।

আল ফয়সালির বিপক্ষে জয়টি আল নাসরের জন্য স্বস্তির হলেও রোনালদোর ব্যক্তিগত গোলের হিসাবে যোগ হয়েছে নতুন প্রশ্ন। মাঠে তার উদ্‌?যাপন গোলের দাবি জানাচ্ছে, সৌদি লিগও পাশে দাঁড়িয়েছে সেই দাবির। কিন্তু অপ্টার পরিসংখ্যান বলছে অন্য কথা। হাজার গোলের স্বপ্নের পথে তাই আপাতত ৯৮২ নাকি ৯৮১-এই হিসাবের বিতর্কেই আটকে আছে রোনালদোর একটি গোল!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত