
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দু'টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সিরিজের ঠিক আগেই অনিশ্চয়তা দেখা দিয়েছে লাল-সবুজের দলের প্রধান কোচ পিটার বাটলারের উপস্থিতি নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়েছে বাটলারের ক্যান্সার ধরা পড়ার খবর। তবে এই ইংলিশ কোচ অবশ্য 'ব্যক্তিগত গোপনীয়তা' বজায় রাখার কথা বলেছেন। দ্রুত সেরে ওঠার আশাবাদও জানালেন তিনি। গুরুতর অসুস্থতা হয়ে ইংল্যান্ডে চিকিৎসাধীন এই ইংলিশ কোচ। আপাতত তার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ দু'টি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন ঋতুপর্ণা চাকমারা। গত সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে মূল দলের দায়িত্ব নেওয়া বাটলার মেয়েদের সঙ্গে চট্টগ্রামে না গিয়ে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান। একটি সূত্রে জানা গেছে, ৬০ বছর বয়সী এই কোচ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে বাফুফের কোনো কর্মকর্তা এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।
গতকাল রোববার বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন, ইংল্যান্ডে পৌঁছানোর পরই বাটলার জানান, সিঙ্গাপুরের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না। অন্যদের মুখে তার ক্যানসারের কথা শুনলেও রোগের বিষয়টি এখনও আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। তিনি আরও জানান, বর্তমানে কারিগরি পরিচালক এ কে এম সাইফুল বারী টিটুকে সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দু'টি ম্যাচের জন্য নতুন কোচের সন্ধান করছেন বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, বাটলারের স্বাস্থ্যসম্পর্কিত চূড়ান্ত হালনাগাদ তথ্যের জন্য তারা অপেক্ষা করছেন। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাবিথ আউয়াল বলেন, পিটার বাটলারের শারীরিক পরিস্থিতির চূড়ান্ত তথ্যের অপেক্ষায় আছি। তিনি যদি সিঙ্গাপুর সিরিজের দায়িত্ব নিতে না পারেন, তাহলে আমরা অবশ্যই একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেব।