ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গোল্ডেন বুটে মেসির ডাবল ইতিহাস!

গোল্ডেন বুটে মেসির ডাবল ইতিহাস!

বয়সের হিসাবটা ৩৯! ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে যখন আলোচনা, তখন লিওনেল মেসি ব্যস্ত নতুন নতুন ইতিহাস লেখায়। ফুটবল মাঠে তার ক্ষুধা যে এখনো কমেনি, তার প্রমাণ মিলল আরও একবার। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ব্যক্তিগত সাফল্যের দিনটি অবশ্য দলীয়ভাবে রাঙাতে পারেনি ইন্টার মায়ামি। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে তিন গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে। ম্যাচে গোলের খাতায় নাম লেখাতে পারেননি মেসি। তবে গোল না করেও দলের প্রথম দুটি গোলের পেছনে অবদান ছিল তাঁর কর্নার কিকের।

মাঠের ফলাফল যা-ই হোক, ব্যক্তিগত অর্জনে মেসির দিনটি ছিল স্মরণীয়। নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন তিনি। গোলসংখ্যায় তার ধারেকাছেও যেতে পারেননি অন্যরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। ন্যাশভিলের স্যাম সারিজ ২১ গোল নিয়ে তৃতীয় এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইট ২০ গোল করে রয়েছেন চতুর্থ স্থানে। মজার ব্যাপার হলো, মেসির অবদান কেবল গোল করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪৩ গোলে, যা পুরো লিগে সর্বোচ্চ। মায়ামির আক্রমণভাগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই জড়িয়ে ছিল তার নাম।

মেসির গোল করার ক্ষুধার আরেকটি পরিসংখ্যানও চোখে পড়ার মতো। নিয়মিত মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি। এর মধ্যে ৭৬টি ছিল লক্ষ্যে। দুই বিভাগেই লিগের অন্যদের চেয়ে অনেক এগিয়ে এই আর্জেন্টাইন। দ্বিতীয় সর্বোচ্চ শট নেওয়া মিলান ইলোস্কির প্রচেষ্টা ১২২টি, আর লক্ষ্যে শটের হিসাবে মেসির পরেই রয়েছেন ডেনিস বুয়াঙ্গা, যার সংখ্যা ৫১। মৌসুমজুড়ে মেসির এমন ধারাবাহিকতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ছিল মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি। আগস্টে মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন তিনি। সেই ম্যাচে যেন নিজের সামর্থ্যের আরেকটি প্রদর্শনী দেখিয়েছিলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী।

গত মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন মেসি। ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবার গোলসংখ্যা তিনটি কমলেও ধারাবাহিকতায় কোনো ঘাটতি ছিল না। বরং পরপর দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে বুঝিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফুটবল মঞ্চেও তার আধিপত্য কতটা শক্তিশালী। মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গনজালেসও। তার চোখে মেসিই সর্বকালের সেরা। শুধু এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার যোগ্য নন, বরং তার মতে, মেসির প্রাপ্য ছিল ব্যালন ডি'অরও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সতীর্থদের প্রতি সম্মান ও মাঠের পারফরম্যান্স ধরে রাখার বিষয়টিকে অবিশ্বাস্য বলেই মনে করেন তিনি। এদিকে মেসির সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। ব্যক্তিগত অর্জনের পর এবার দলকে এমএলএস কাপ জেতানোর মিশনে নামতে হবে তাকে। ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু। নিজেদের মাঠে খেলার সুবিধাও পাবে মেসির দল। তবে শিরোপা ধরে রাখার কাজটা সহজ হবে না। ২০১১ ও ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর কোনো দল টানা দুই মৌসুমে এমএলএস কাপ জিততে পারেনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর চ্যালেঞ্জ এবার মায়ামির সামনে।

এর পাশাপাশি মেসির ব্যক্তিগত অর্জনের ঝুলিতে যোগ হতে পারে আরেকটি বড় পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। গত মৌসুমেও এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন তারকা। এবার গোল্ডেন বুট জয় তার দাবিকে আরও জোরালো করেছে। আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের অধ্যায়ও এরই মধ্যে লিখে ফেলেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের পথচলায় বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকাসহ জিতেছেন একাধিক বড় শিরোপা। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট তার অর্জনের সাক্ষী। বিদায়ের ঘোষণা দেওয়ার পরও ভক্তদের ভালোবাসার টানে ঘরের মাঠে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

জাতীয় দলের অধ্যায় শেষের পথে হলেও ক্লাব ফুটবলে এখনো নতুন ইতিহাসের অপেক্ষায় মেসি। গোল্ডেন বুটের রেকর্ড তার দখলে, সামনে এমভিপি ও এমএলএস কাপের হাতছানি। বয়সের কাঁটা যতই এগোক, ফুটবল মাঠে মেসির গল্প যে এখনো শেষ হয়নি, সেটিই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে তার পারফরম্যান্স!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত