ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যর্থতা ভুলে প্রোটিয়া দুর্গ জয়ের মিশনে বাংলাদেশ

ব্যর্থতা ভুলে প্রোটিয়া দুর্গ জয়ের মিশনে বাংলাদেশ

একটি স্বপ্নের অপমৃত্যু, একের পর এক প্রশ্ন আর ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ— সবকিছু সঙ্গে নিয়েই দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ ক্রিকেট দল! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছে। সেই হতাশা কাটিয়ে এবার প্রোটিয়াদের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা নাজমুল হোসেন শান্তদের। তবে প্রস্তুতির জন্য সময় খুব বেশি নেই। ঘরের মাঠের সিরিজ শেষ করেই ছুটতে হচ্ছে নতুন লড়াইয়ে।

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম বহরে ১৩ ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ জন গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। দলের বাকি সদস্যরা ১১ নভেম্বর দ্বিতীয় বহরে দেশ ছাড়বেন। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় টেস্ট চলাকালেই ঘোষণা করা ১৬ সদস্যের দল নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছে বাংলাদেশ। এই সফরে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তরুণ এই ব্যাটার। দীর্ঘদিন পর ফিরেছেন নাঈম শেখ ও মুমিনুল হক। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, আর বাদ পড়েছেন নাঈম হাসান।

অভিষেকের অপেক্ষায় থাকা রবিনকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা, 'রবিনকে নিয়ে আমরা শুরু থেকেই চিন্তা করছিলাম। আমাদের একজন ডানহাতি ওপেনার তৈরি করা দরকার। এই মুহূর্তে আমাদের হাতে সেভাবে প্রস্তুত কোনো ডানহাতি ওপেনার ছিল না। আমরা রবিনকে আরো কিছুটা সময় দিতে চেয়েছিলাম। সে নিজেকে প্রমাণ করেছে। প্রথম শ্রেণির ক্রিকেট এবং এ' দল-দুই জায়গাতেই সম্ভাবনাময় পারফরম্যান্স করেছে। সে কারণেই আমরা রবিনকে বেছে নিয়েছি।'

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালে। সেবার দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবারও প্রতিপক্ষের মাটিতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে টাইগাররা। বিশেষ করে পেস সহায়ক কন্ডিশনে স্বাগতিকদের মোকাবিলা করতে হবে বাড়তি সতর্কতায়।

সেই বাস্তবতা মাথায় রেখেই পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা। একাদশে তিনজন পেসার থাকবেন, প্রয়োজনে খেলতে পারেন চারজনও।

এ প্রসঙ্গে হাবিবুল বাশার সুমন বলেন, 'দক্ষিণ আফ্রিকায় আমরা সম্ভবত পেসারদের প্রাধান্য দেব। সে কারণেই পাঁচ জন পেসার নিয়েছি। সেখানকার কন্ডিশন ভিন্ন। দুই জন স্পিনারই যথেষ্ট হতে পারে। অন্তত তিন জন পেসার খেলবে, চার জনও খেলতে পারে। ওই কন্ডিশনে তিন জন স্পিনারের প্রয়োজন নেই।'

তবে শুধু কন্ডিশন নয়, বাংলাদেশের জন্য বড় চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই টেস্টে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ফাইনালের স্বপ্নও প্রথমবারের মতো বাস্তব রূপ পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাশার বলেন, 'এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল অনেক ভালো করছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুইটি টেস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জানি না, অতিরিক্ত চিন্তাভাবনা উলটো ফল দিয়েছে কি না। তবে ক্রিকেটারদের ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। বেশ কয়েকজন খেলোয়াড় একসঙ্গে ফর্ম হারিয়েছে।'

টেস্ট সিরিজের পরও দক্ষিণ আফ্রিকায় অপেক্ষা করছে ব্যস্ত সূচি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ওয়ানডে। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম টি-টোয়েন্টি। ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ম্যাচ এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শেষ টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে সফর। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল এখনো ঘোষণা করেনি নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল নিয়ে তাই প্রত্যাশা ও শঙ্কা দুটোই রয়েছে। একদিকে নতুন মুখের অভিষেকের সম্ভাবনা, অন্যদিকে পুরোনোদের ফর্ম ফিরে পাওয়ার তাগিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ক্ষত এখনো তাজা। সেই ক্ষত নিয়েই প্রোটিয়া মাটিতে নামতে হবে টাইগারদের। এবার প্রশ্ন একটাই-হতাশার সেই অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে?

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত