ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সালাউদ্দিন অধ্যায় শেষে বাংলাদেশ পেল নতুন ব্যাটিং কোচ

সালাউদ্দিন অধ্যায় শেষে বাংলাদেশ পেল নতুন ব্যাটিং কোচ

ব্যাটিংয়ে সমস্যাটা পুরোনো। কখনো কোচ বদলেছে, কখনো দায়িত্ব ভাগ হয়েছে, আবার কখনো অন্তর্বর্তী ব্যবস্থায় চলেছে জাতীয় দল! কিন্তু স্থায়ী সমাধানের দেখা মেলেনি। সেই অস্থিরতার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরের আগে নতুন এক মুখকে ব্যাটিং বিভাগের দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টাইগারদের ব্যাটিংয়ের হাল ধরতে আসছেন দক্ষিণ আফ্রিকান কোচ ডেল বেনকেনস্টেইন।

তবে এটি দীর্ঘমেয়াদি কোনো নিয়োগ নয়। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য খণ্ডকালীন ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন ৫২ বছর বয়সী এই কোচ। প্রতিপক্ষের মাঠে প্রতিপক্ষেরই একজন অভিজ্ঞ কোচকে পাশে পাওয়ার পরিকল্পনা বিসিবির। এখন দেখার বিষয়, স্বল্প সময়ের এই দায়িত্বে বাংলাদেশের ব্যাটিংয়ে কতটা পরিবর্তন আনতে পারেন তিনি।

জাতীয় দলের ব্যাটিং কোচের চেয়ারটি যেন সাম্প্রতিক সময়ে মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। একজন দায়িত্ব ছেড়েছেন, আরেকজন এসেছেন। কিন্তু স্থায়ীভাবে কাউকে ধরে রাখার ধারাবাহিকতা তৈরি হয়নি। প্রায় এক বছর ব্যাটিং কোচের দায়িত্বে থাকার পর মোহাম্মদ আশরাফুলকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন।

যদিও সালাউদ্দিনের জন্য জাতীয় দলের ব্যাটিং বিভাগ নতুন কোনো জায়গা ছিল না। ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই দলের ব্যাটিং ইউনিটের দেখভালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন। আপাতত সেই অধ্যায়ের ইতি ঘটছে। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন বেনকেনস্টেইন।

কোচিংয়ের অভিজ্ঞতায় অবশ্য নতুন এই দক্ষিণ আফ্রিকানকে একেবারে অপরিচিত বলা যাবে না। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজ দেশের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের কোচিং স্টাফে কাজ করেছেন। দক্ষিণ আফ্রিকার কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশের ব্যাটিং বিভাগকে নিয়ে কাজ করার আগে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পরিবেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বেনকেনস্টেইনের। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে তার ধারণা টাইগারদের জন্য বাড়তি সহায়ক হতে পারে।

কারণ সফরটি শুধু প্রতিপক্ষের বিপক্ষে লড়াই নয়, ব্যাটারদের জন্য ভিন্ন পরিবেশে নিজেদের সামর্থ্য প্রমাণেরও পরীক্ষা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। সফরে দুটি টেস্টের পাশাপাশি রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। দীর্ঘ সংস্করণ থেকে সংক্ষিপ্ত সংস্করণ-সবখানেই ব্যাটারদের সামনে থাকবে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ।

তবে নতুন কোচ নিয়োগের চেয়েও বড় প্রশ্ন বাংলাদেশের ব্যাটিংয়ের ধারাবাহিকতা। ব্যক্তিগতভাবে ভালো খেললেও দলীয়ভাবে প্রত্যাশা পূরণে বারবার হোঁচট খাচ্ছে ব্যাটিং ইউনিট। এমন পরিস্থিতিতে বেনকেনস্টেইনের দায়িত্ব কেবল টেকনিক্যাল পরামর্শ দেওয়ায় সীমাবদ্ধ থাকবে না।

স্বল্প সময়ের মধ্যে ব্যাটারদের আত্মবিশ্বাস ও পরিস্থিতি অনুযায়ী খেলার মানসিকতা তৈরি করাও হবে বড় চ্যালেঞ্জ!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত