
একসময় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ আশরাফুল! তবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর সেই দায়িত্ব থেকে সরে যেতে হয় তাকে। জাতীয় দলের কোচিংয়ের অধ্যায় আপাতত পেছনে ফেলে এবার নতুন এক মিশনে সাবেক এই তারকা ক্রিকেটার। কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। পদ কিংবা দায়িত্বের পরিবর্তন নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না আশরাফুল। বরং নতুন জায়গায় নিজের সর্বোচ্চটা দেওয়াই তার লক্ষ্য।
দায়িত্বের নতুন এই অধ্যায় নিয়ে আশরাফুলের কণ্ঠে হতাশার চেয়ে ইতিবাচক মনোভাবই বেশি। কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, প্রত্যেকটা কাজই আমি আসলে উপভোগ করি। যেহেতু আমরা পজিটিভ মানুষ, আমাদের সব জায়গায় আমরা পজিটিভ ভাইবসটাই দেওয়ার চেষ্টা করি। এই জায়গায়ও ভালো হবে এটা আমার বিশ্বাস। আশরাফুলের সামনে অবশ্য ব্যক্তিগত দায়িত্ব পালনের পাশাপাশি রয়েছে একটি দলকে শিরোপার স্বাদ এনে দেওয়ার চ্যালেঞ্জ। গত আসরের ফাইনালে পাকিস্তান 'এ' দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। শিরোপা জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়ে ফিরতে হয়েছিল তরুণদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ 'এ' দল।
সাইফ হাসানের নেতৃত্বে এরইমধ্যে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে দল। আশরাফুলের কাছে এই টুর্নামেন্ট শুধু শিরোপা জয়ের লড়াই নয়, ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ। তাই তরুণদের নিয়ে আশাবাদী এই কোচ, এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রস্তুত ও যোগ্যতা প্রমাণের এমন সুযোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি চাপের মধ্যে নিজেদের মেলে ধরার পরীক্ষাও দিতে হবে ক্রিকেটারদের। ফলে টুর্নামেন্টটি ভবিষ্যৎ জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই ও প্রস্তুতির ক্ষেত্রেও গুরুৎপূর্ণ হয়ে উঠতে পারে।
টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট আশরাফুল। শুধু অনুশীলনেই সীমাবদ্ধ থাকেনি দলের প্রস্তুতি। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ডে-নাইট ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে ফ্লাডলাইটের আলোতেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছে দল।