ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রেফারিকে পাথর ছুঁড়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ

রেফারিকে পাথর ছুঁড়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ

ফুটবল মাঠে আগ্রাসী আচরণের নজির পুরোনো বিষয়। তবে সেই মাত্রা ছাড়িয়ে রেফারির দিকে পাথর ছুঁড়ে মারেন ইকুয়েডরের এক ফুটবলার। এরপর অস্ত্রোপচারও করতে হয় সেই রেফারিকে এবং তার সেরে উঠতে দুই মাস লেগেছে। এ ঘটনায় জন পারলাজা নামে ওই ফুটবলারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে শাস্তির ঘোষণা দিয়ে বুধবার ইকুয়েডরের ফুটবল ফেডারেশন (এফইএফ) জানিয়েছে, 'সহকারী রেফারি গুরুতর আঘাত পেয়েছিলেন, যে কারণে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগে। ইকুয়েডরের তৃতীয় স্তরের ম্যাচে গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিও'র মধ্যকার ম্যাচে ওই ঘটনা ঘটে। সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদাকে নুনিয়েজকে পাথর মেরে আঘাতের পর ম্যাচটি স্থগিত হয়ে যায়। এই ঘটনায় ইয়ান্তজাজাকে ২০০০ ডলার জরিমানা দিতে হবে এবং সহকারী রেফারির চিকিৎসা ব্যয়ের জন্য আরও ৪৩৬৯ ডলার প্রদান করতে হবে। শৃঙ্খলা কমিটি পারলাজাকে ম্যাচ অফিসিয়ালের ওপর শারীরিক আগ্রাসনের জন্য দায়ী সাব্যস্ত করেছে এবং তাকে ফুটবল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। ফলে তার আবারও মাঠে ফেরার সুযোগ থাকছে ২০৩৪ সালের ১৯ অক্টোবরের পর। এ ছাড়া এফইএফ ফিফার কাছে অনুরোধ জানাবে, যেন এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়। এর আগে ২০ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে ইয়ান্তজাজা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিল। তারা জানায়, 'ক্রীড়াঙ্গনের ভেতরে-বাইরে, মৌখিক-শারীরিক যেকোনো ধরনের আগ্রাসনকে আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ফুটবল এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সুষ্ঠু খেলার পরিবেশ বজায় থাকে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাকে অবিলম্বে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত