
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার খবরে আবেগ ধরে রাখতে পারেননি টম ব্যান্টন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়ার পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এই ব্যাটার। কোচ ব্রেন্ডন ম্যাককালাম বিমানবন্দরে ডেকে নিয়ে তাকে এই সুখবর দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ছেড়ে যান ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক চতুর্থ টি-টোয়েন্টির পর। শুরুতে ক্যানবেরায় শেষ ম্যাচে নেতৃত্ব দেওয়ার কথা ছিল উইল জ্যাকসের। কিন্তু হাত ভেঙে যাওয়ায় তিনিও সিরিজ থেকে ছিটকে যান। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হয় ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত সেই দায়িত্ব পান ব্যান্টন। গতকাল বৃহস্পতিবার ব্রিসবেনে তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদমাধ্যমকে ব্যান্টন বলেন, 'খবরটা শোনার পর আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটা অনেক বড় সম্মান ও গর্বের বিষয়। এমন দায়িত্ব পাওয়ার জন্য আমি মুখিয়ে আছি।' তিনি আরও বলেন, 'বাজ (ম্যাককালাম) বিমানবন্দরে আমাকে আলাদা করে ডেকে কথাটা জানান। সত্যি বলতে, কীভাবে প্রতিক্রিয়া জানাব বুঝতে পারছিলাম না। দেশের যেকোনো সংস্করণে অধিনায়ক হওয়ার খবর পাওয়া অনেক বড় সম্মানের।' সবকিছু পরিকল্পনামতো এগোলে ইংল্যান্ডের ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হবেন ২৮ বছর বয়সী ব্যান্টন। গত দুই বছরে নিয়মিতভাবে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ওয়ানডে সেঞ্চুরি করার পর সেই সংস্করণেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন।