ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.)-এর মসনবি শরিফ

ইহুদি বাদশাহ যে কায়দায় খ্রিষ্টান সমাজ তছনছ করে দিল

ড. মুহাম্মদ ঈসা শাহেদী
ইহুদি বাদশাহ যে কায়দায় খ্রিষ্টান সমাজ তছনছ করে দিল

উ ওযীরী দা'শ্ত গাবর ও এশ্ওয়া দেহ্

কূ বার অ'ব আয মাক্র বারবাস্তী গেরেহ্

৩৩৮. বাদশাহর এক উযীর ছিল কাফির, ধোঁকাবাজ

প্রতারণায় পানিতে গিট দিতে সে ছিল উস্তাদ।

পানিতে গিঁট দেয়া একটি বাগধারা। অর্থাৎ লোকটি এমন ধূর্ত প্রতারক ছিল, সে পানির ওপরও গিঁট দিতে পারত।

গোফত তারসা'য়া'ন পানা'হে জা'ন কুনান্দ

দীনে খোদ্রা' আয্ মালেক্ পেন্হা'ন্ কুনান্দ

৩৩৯. বলল, খ্রিষ্টানরা জান বাঁচানোর জন্য তাদের

ধর্মকে গোপন করে বাদশাহর কাছ থেকে।

তারা যে আসলে খ্রিষ্টান, বাদশাহর কাছে সে কথা প্রকাশ হতে দেয় না। এমতাবস্থায় আমার পরামর্শ হলো—

কাম কুশ ঈশা'ন রা' কে কুশতান সূদ নীস্ত

দীন নাদা'রাদ বূয়ে মেশ্ক্ ও উদ নীস্ত

৩৪০. আপনি ওদের কম হত্যা করুন, হত্যায় লাভ নেই

ধর্মের গন্ধ নেই, তা তো মেশক ও চন্দন নয়।

হত্যা করতে গেলে তাদের খুঁজে পাবেন না, ধর্ম বিশ্বাস তো মনের ব্যাপার। মেশক আম্বর বা চন্দন নয় যে, ঘ্রাণ পেয়ে ধর্ম চিহ্নিত করতে বা বেছে বেছে হত্যা করতে পারবেন।

র্সের, পেনহা'ন আস্ত, আন্দার সাদ গেলা'ফ

যা'হেরশ বা' তূস্ত বা'তেন বরখেলা'ফ

৩৪১. ধর্ম গোপন ভেদ, শত গেলাফে আচ্ছাদিত

বাইরে আপনার সাথে, অথচ ভেতরে বিপরীত।

শা'হ গোফ্তাশ পাস্ বগু তাদবীর চীস্ত

চা'রেয়ে আ'ন মাকর ও আ'ন তাযভীর চীস্ত

৩৪২. বাদশাহ তাকে জিজ্ঞেস করল, তাহলে তদবীর কী?

এর সমাধানে কৌশল উপায়ান্তর তাহলে কী?

তা' নামা'নাদ দার জাহা'ন নাসরা'নীয়ী

নাই হুভাইদা দীন ও নাই পেনহা'নীয়ী

৩৪৩. দুনিয়ার বুকে যাতে একটি খ্রিষ্টানও না থাকে

প্রকাশ্যে বা গোপনে এ ধর্ম না থাকা চাই।

গোফত এই শাহ, গূশ ও দাস্তাম রা' বেবোর

বীনীয়াম বেশ্কা'ফ আন্দার হুক্মে মুর

৩৪৪. মন্ত্রী বলল, জাঁহাপনা! আমার কান ও হাত কেটে দিন,

আপনার কঠোর আদেশে আমার নাকটা ছিঁড়ে দিন।

বা'দ আয অ'ন, দার যীরে দা'র আ'ওর মারা'

তা বেখা'হাদ এক শাফা'আতগার মারা'।

৩৪৫. এরপর আমাকে শূলির নিচে নিয়ে যান এমনভাবে

কেউ যেন আমার জন্য ক্ষমাপ্রার্থী হয়, তবে।

বার মোনাদীগা'হ কুন ইন কা'র তূ

বার সারে রা'হী কে বা'শাদ চা'র সূ

৩৪৬. আপনি এ কাজটি করুন লোক সমাগমের স্থানে

কোনো চৌরাস্তায়, যার চতুর্দিকে রাস্তা বিস্তৃত থাকে।

মুনাদীগাহ মানে লোক সমাগমের স্থান— যেখানে সরকার বা প্রশাসকের পক্ষ হতে সরকারি আদেশ-

নিষেধ ঘোষণা করা হয়। বর্তমানের আদলে প্রেস ব্রিফিং এর স্থান বা প্রেসক্লাব। সেখানে লোক সমাগম ও চলাচলের রাস্তা থাকবে। একই সাথে একজন সুপারিশকারীও নিয়োগ করবেন, যেন সে আমার পক্ষে ক্ষমা প্রার্থনা করে শূলিতে চড়াতে বাঁধা হয়ে দাঁড়ায়।

অ'ন গাহাম্ আয্ খোদ বেরা'ন তা' শাহরে দূর

তা' দার আন্দা'যাম দারীশা'ন শার ও শূর

৩৪৭. এরপর আমাকে তাড়িয়ে দূরের কোনো শহরে পাঠিয়ে দিন

যাতে ওদের মধ্যে ঢুকে ষড়যন্ত্র আর গোলযোগ বাঁধাতে পারি।

তাদের ধর্মের মধ্যে অন্তর্কলহ ও গণ্ডগোল লাগিয়ে দেওয়া আমার লক্ষ্য।

চোন শওয়ান্দ আ'ন কওম আয্ মান্ দীনপাযীর

কা'রে ঈশা'ন সার বেসার শূরীদা গীর

ক.ম. সেই জাতি যখন আমার কাছ থেকে ধর্ম গ্রহণ করতে শুরু করবে

নিশ্চিত জেনে রাখুন তখন তাদের সবকিছু তালগোল পাকিয়ে যাবে।

ওরা যখন আমার কাছ থেকে ধর্মের দীক্ষা গ্রহণ শুরু করবে, তখনই বুঝে নেবেন যে, আমার পরিকল্পনা ঠিকমত এগুচ্ছে এবং শিগগীর তাদের সবকিছু তছনছ হয়ে যাবে। কীভাবে তার কিঞ্চিত বর্ণনা দিচ্ছি :

দরমিয়াঁনশা'ন ফেত্নাহা'য়ী আফ্গানাম্

কা'হরীমান হায়রা'ন্ বেমা'নাদ দার ফানাম

ক.ম. তাদের মাঝে এমন ফেতনা-ফাসাদ লাগিয়ে দেব

স্বয়ং শয়তানও আমার কৌশল দেখে হতবাক হবে।

আ'নচে খা'হাম কার্দ বা' নাস্রা'নিয়া'ন

আ'ন নামী আ'য়দ কুনূন আন্দার বয়া'ন

ক.ম.আমি নাসারাদের সাথে কী যে করব

এখন তা ভাষায় বর্ণনা করা যাবে না।

চোন শূমা'রন্দাম আমীন ও মোকতাদা'

দা'মে দীগার গূণ নাহামশা'ন পীশে পা'

ক.ম. তারা আমাকে যখন বিশ্বাসভাজন ও পুরোধা মেনে নেবে

তখন অন্য রকম ফাঁদ দেব তাদের সম্মুখে পেতে।

ওয়ায্ হিয়াল বেফ্রীবাম্ ঈশা'ন রা' হামে

ওয়ান্দারীশা'ন আফগানাম সাদ দামদামে

ক.ম. নানা কৌশলে তাদের আটকে ফেলব প্রতারণা জালে

তাদের মাঝে লাগিয়ে দেব হৈ-হাঙ্গামা একযোগে।

তা' বেদাস্তে খীশে খোনে খীশ্তান

বার যামীন রীযান্দ কূতা'হ শুদ সুখান

ক.ম. ফলে তারা নিজেদের হাতে নিজেদের রক্ত

প্রবাহিত করবে, বললাম এইটুকু সংক্ষেপে।

(ড. মুহাম্মদ ঈসা শাহেদী রচিত মসনবি শরিফের গল্প ১-৬ খণ্ড প্রকাশ করেছে, ছায়াপথ প্রকাশনী ৩১/১, পুরানা পল্টন, (শরীফ কমপ্লেক্স) লিফট-৪, ঢাকা-১০০০। ফোন ০১৭১১১১৫৮২৯। মসনবির গল্পভিত্তিক আলোচনা শুনতে ইউটিউবে ভিজিট করুন— CHAYAPATH PROKASHONI)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত