
ব্যালন ডি’অরে দ্বিতীয় হওয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত ভিডিও এবং চীন বিতর্ক ছাপিয়ে চমৎকার গোল করলেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহামও করলেন মাইলফলক ছোঁয়া গোল। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ।
১১তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। স্যান্টান্ডারের বক্সের মধ্যে মাত্তেও প্রাতির ফাউলের শিকার হন এমবাপে। নিজেই কিক নেন এবং জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড।
২১তম মিনিটে বেলিংহাম রিয়ালের লিড দ্বিগুণ করেন। হাফওয়ে লাইন থেকে বল টেনে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।
তারপর হাফটাইমের আগে তৃতীয় গোল করেন রিয়ালের রেকর্ড চুক্তি ইয়ান দিওমান্দে। কর্নার কিক হাফ ক্লিয়ারের পর দারুণ ভলিতে ৩-০ করেন তিনি।
৫৯তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে পোস্টে আঘাত করেন এমবাপে। স্যান্টান্ডার একটি পেনাল্টি পেয়ছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানায়, অরেলিয়েন শুয়োমেনির বুটে লেগে বল দুর্ঘটনাবশত হাতে লেগেছিল।
রিয়াল তাদের শেষ পাঁচ ম্যাচের সবগুলো জিতল। আগের ম্যাচেই তারা লিগের সবচেয়ে বড় ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায়।
এই জয়ে মাদ্রিদ ক্লাব শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামাল। ২৭ পয়েন্ট তাদের। ৩০ পয়েন্ট বার্সার এবং ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।
এর আগে গত সোমবার ব্যালন ডি’অরের ভোটাভুটিতে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ব্যবধানে হেরে দ্বিতীয় হন এমবাপ্পে। এরপর চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে তার একটি রসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। পরে ক্ষমা চাইলেও সেই আলোচনা থামেনি। ঘটনার রেশ ধরে এ সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ স্প্যানিশ লিগের কোনো খেলাই সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।
আবা/এসআর/২৬