অনলাইন সংস্করণ
১০:৪৩, ০১ জুলাই, ২০২৬
ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের পর দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি (৪০ মিলিয়ন) ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে।
আজ (১ জুলাই) বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার তেহরানের সিদ্ধান্তের পক্ষেও জোরালো অবস্থান তুলে ধরেন।
গালিবাফের ভাষ্য, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার প্রমাণ করে যে, সামরিক শক্তির সমর্থনে পরিচালিত কূটনীতি বাস্তব ও ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের একমাত্র প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা তার সামরিক শক্তি। তাই দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা ‘কোনো অবস্থাতেই আলোচনার বিষয় নয়’।
তিনি আরও বলেন, ইরান তার পারমাণবিক অধিকার থেকেও সরে আসবে না। তার ভাষায়,‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’
গালিবাফ জানান, সমঝোতা স্মারকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা প্রয়োজনে বাড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।