
অস্ট্রেলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রিলায়েবল কলেজ অব নার্সিং (RCN College)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক মোহাম্মাদ আবদুল মতিন।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ার শিক্ষা ও প্রশিক্ষণ খাতের নিয়ন্ত্রক সংস্থা Australian Skills Quality Authority (ASQA)-এর বাধ্যতামূলক Fit and Proper Person Assessment-এ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পরিচালনাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, পেশাগত দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এ মূল্যায়ন বাধ্যতামূলক।
নিয়োগের বিষয়ে মোহাম্মাদ আবদুল মতিন বলেন, “কলেজ কর্তৃপক্ষ প্রথমে আমাকে এ দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়। পরবর্তীতে আমার জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় নথিপত্র ASQA-এর কাছে জমা দেওয়া হয়। নির্ধারিত যাচাই-বাছাই শেষে অনুমোদন পাওয়ার পর আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।”
তিনি আরও বলেন, RCN College অস্ট্রেলিয়ার CRICOS-এ নিবন্ধিত একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দশকে Health Care and Social Assistance খাত দেশটির অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত হিসেবে বিবেচিত হবে। এ চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
RCN College-এ নার্সিং, এজড কেয়ার, প্রতিবন্ধী সেবা (Disability Support) এবং স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন পেশাভিত্তিক কোর্স পরিচালিত হয়।
তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবার সঙ্গে যুক্ত মোহাম্মাদ আবদুল মতিন ১৯৮৯ সালে দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দ্য ডেইলি স্টার, দৈনিক আবির্ভাব, দ্য ডেইলি ডিসক্লোজারসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন এবং রাজনৈতিক অঙ্গনের সংবাদ সংগ্রহে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
বর্তমানে তিনি বিদেশ বাংলা-এর সম্পাদক, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবং অস্ট্রেলিয়ার পেশাজীবী সংগঠন MEAA (Media, Entertainment & Arts Alliance) ও LINA (Local & Independent News Association)-এর সদস্য। এছাড়াও তিনি Justice of the Peace (JP), New South Wales এবং Qualified Education Agent Counsellor (QEAC) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা, শিক্ষা ও কমিউনিটি সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অস্ট্রেলিয়ায় একাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে ফেডারেল মন্ত্রী টনি বার্কের “COVID Hero Award” এবং Canterbury-Bankstown City Council-এর “Pandemic Hero Award” বিশেষভাবে উল্লেখযোগ্য।
মোহাম্মাদ আবদুল মতিনের এই গুরুত্বপূর্ণ নিয়োগ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তার নেতৃত্বে RCN College আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।