
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যায় মিরপুর–১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগাল খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আবা/এসআর/২৬