ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় মামলা, আসামি ২২০০

কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় মামলা, আসামি ২২০০

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামের কফিলউদ্দিন শাহ-এর মাজার পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ২২শ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সকালে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ জনতাকে শান্ত করে এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

একই ঘটনায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামও মামলা দায়ের করেন।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় বিক্ষুব্ধ জনতা কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা-ভাঙচুর চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর সরেজমিনে আছাদপুর গ্রামে গেলে দেখা গেছে, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে এলাকা অনেকটা পুরুষ শূন্য। পুড়ে যাওয়া মাজারের সামনে কথা হয় গ্রেপ্তার যুবকের মায়ের সঙ্গে।

তিনি বলেন, ‘ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম। তারপরও আমাদের মাজার ও বাসা বাড়িতে কেন আগুন দেওয়া হলো। পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারলো না। জীবনটা কোনোমতে রক্ষা করেছি।’

এর আগে, বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর পুলিশ জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা উসকানি দিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসামি ২২০০,কুমিল্লায় মাজারে হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত