
সিরাজগঞ্জে মৌসুমি রোপা আমন ধান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে এ নতুন ধান বিভিন্ন হাট বাজারে উঠছে। দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি। তবে সরকারিভাবে এখনও এ ধান ক্রয় অভিযান শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ ধান চাষাবাদ করেছেন কৃষকেরা। এ জেলার চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ সবকটি উপজেলার বিভিন্ন স্থানে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়। এসব ধানের মধ্যে রয়েছে ব্রি ধান-৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং দেশীয় বিভিন্ন জাতের ধান। এ চাষাবাদে কিছুটা খরচ কম হওয়ায় বেশি জমিতে এ ধান চাষাবাদ করেছে কৃষকেরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া জনিত কারণে অনেক কৃষক আধাপাকা ধান কাটছে। এতে কামলা সংকট ও মজুরি বৃদ্ধি পেয়েছে। প্রতি কামলা এখন সাড়ে ৫’শ টাকা থেকে সাড়ে ৬’শ টাকা মজুরি দেয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৫৬ % ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। এসব নতুন ধান স্থানীয় হাট-বাজারে উঠছে এবং প্রতিমণ ধান ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাটারিভোগ ও স্বর্ণা ধান ১৮০০ টাকা থেকে ১৯০০ টাকায় এখন বিক্রি হচ্ছে। হাট বাজারে এ দামে ধান কেনাকাটা হলেও সরকারিভাবে এখনও ধান ক্রয় অভিযান শুরু হয়নি। সরকারিভাবে এ ধান ক্রয় অভিযান শুরু হলে খুশি হবেন কৃষকেরা। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, ২/১ সপ্তাহের মধ্যে সরকারের নির্ধারিত মূল্য এই নতুন ধান ক্রয় অভিযান শুরু হবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা আলোকিত বাংলাদেশকে বলেন, রোপা আমন চাষাবাদে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। এতে এ ধান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। হাট বাজারে ধানের দাম এখন মোটামুটি ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।