
রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
আটক তুহিন মোল্লা গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকার ভানু মোল্লার ছেলে। দৌলতদিয়া পোড়াভিটা এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি রোজী আক্তারে মেয়ে জামাই।
রোববার (২২ নভেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোহরাব মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তুহিন মোল্লাকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক তুহিন মোল্লা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়াও তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
তপন সরকার জানান, আটক তুহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাঁকে উদ্ধার করা মাদকসহ গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে।