ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাথরবোঝাই ট্রাক থেকে মিলল ভারতীয় জিরা-ফুচকা

পাথরবোঝাই ট্রাক থেকে মিলল ভারতীয় জিরা-ফুচকা

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদলের পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকাসহ একটি ট্রাক ও ১০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ হয়েছে। যার আনুমানিক মূল্য ৮৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা।

বুধবার দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে জেলার মাধবপুর উপজেলার চুনারুঘাট-তেলিয়াপাড়া রোডে নোয়াপাড়া নামক এলাকায় একটি অভিযান চালানো হয়। গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল সন্দেহজনক পাথর বোঝাই ট্রাককে চিহ্নিত করে থামায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পাথরের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ট্রাকভর্তি অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা।

এছাড়াও গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে একটি অটোরিক্সা তল্লাশি করে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ অটোরিকশাটি জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশলে পাথরের নিচে লুকায়িত অবস্থায় এই চোরাচালানের চেষ্টা ও যাত্রী বেশে অটোরিকশা মাদক বহন করছিল। আটককৃত মাদক, জিরা, ফুচকা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ প্রসঙ্গে বলেন- চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান ও মাদক প্রতিরোধ করে আসছে। বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্রাক,ভারতীয় জিরা,ফুচকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত