ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তিন আসামি গ্রেফতার

রংপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তিন আসামি গ্রেফতার

রংপুর মহানগরীর তাজহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

বুধবার বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন তাজহাট থানাধীন কিসমত গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী নুরেমা (৫৫), পীরগাছা থানাধীন সচাশ গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫) এবং মিনারুলের স্ত্রী আছিয়া বেগম (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত নুর আমিন তাকে উত্যক্ত করত। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্ত নুর আমিনের বাবা-মাকে বিষয়টি জানান। এতে নুর আমিন ক্ষিপ্ত হয়।

গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে কোচিংয়ের জন্য বাড়ি থেকে বের হলে অভিযুক্ত নুর আমিন কয়েকজনের সহায়তায় ভুরারঘাট ব্রিজের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মহানগরীর তাজহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০।

আসামিদের গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ২৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৫টা ১৫ মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন কিসমত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় তাজহাট থানার স্কুলছাত্রী অপহরণ মামলার পলাতক আসামি মোছা. নুরেমা এবং তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল জলিল ও মোছা. আছিয়া বেগমকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিন আসামি গ্রেফতার,অপহরণ মামলা,স্কুলছাত্রী অপহরণ,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত