অনলাইন সংস্করণ
১৫:৩৫, ০৭ নভেম্বর, ২০২৫
বিএনপির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ মুজিব হত্যার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জড়ানো ইতিহাস বিকৃতি ছাড়া কিছু নয়।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সে সময় মোস্তাক আহমেদ নতুন কেবিনেট গঠন করেন, যেখানে বেশিরভাগ ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা। তখনো বিএনপির জন্ম হয়নি। কাজেই সেই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি বা জিয়াউর রহমানকে জড়ানো ইতিহাস বিকৃতির শামিল।
তিনি আরও বলেন, খালেদ মোশাররফের সামরিক অভ্যুত্থানের পর জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল। তবে মাত্র চারদিন পর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে তিনি মুক্ত হন। পরে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে সঠিক পথে পরিচালিত করতে শুরু করেন।
বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান তখন কোনো রাজনীতিক ছিলেন না। সে সময় দেশে শাসন করত আওয়ামী লীগ, আর তাদের পৃষ্ঠপোষক ছিল ভারত। আওয়ামী লীগের অনেক নেতা তখন গোপনে জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ রাখতেন। জিয়া ভালোভাবেই জানতেন, আওয়ামী লীগ কখনো সেনাবাহিনীকে বিশ্বাস করে না। শেখ মুজিব ভারতের পরামর্শেই রক্ষী বাহিনী গঠন করেছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ও ইউট্যাব পবিপ্রবির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, জিয়া পরিষদ পবিপ্রবির সভাপতি আবুবকর সিদ্দিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।