
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ১০ম বার্ষিক নাট্যোৎসব।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
বিভাগীয় সূত্রে জানা যায়, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় পরীক্ষার অংশ হিসেবে সাত দিনে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে। নাটকগুলো হলো— উজানে মৃত্যু, Top Girls, চোখের বালি, দ্য ম্যারেজ প্রপোজাল, মুক্তি বন্দিদশা, নকশী কাঁথার মাঠ, শনিবার, ফ্রাইড ব্রেইন, ৪০৪ ওপেলিয়া মেশিন, দ্য কোর্ট অব ডিসক্রিমিনেশন, নো এক্সিট, ইন্দ্রজিৎ, নানারঙের দিন এবং কাজলরেখা।
উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উজানে মৃত্যু এবং রাত ৮টা ৩০ মিনিটে ক্যারিল চার্চিলের Top Girls মঞ্চায়িত হয়।
আগামী ৯ ফেব্রুয়ারি মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নাটক কাজলরেখা মঞ্চায়নের মধ্য দিয়ে এই নাট্যোৎসবের পর্দা নামবে।