ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ধানের শীষের প্রচারণায় নিজ কর্মীদের যা বললেন হাবিব

ঈশ্বরদীতে ধানের শীষের প্রচারণায় নিজ কর্মীদের যা বললেন হাবিব

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় প্রচারণা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উঠান বৈঠক শুরু করেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় উঠান বৈঠক করে ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট পৌঁছে দিয়েছেন।

এ সময় ধানের শীষ সম্বলিত লিফলেট প্রত্যেকের হাতে তুলে দেন তিনি এবং তাদের কাছে ভোট চান। নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

প্রচারণার শুরুতে সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় হাবিবুর রহমান হাবিব উঠান বৈঠকে বলেন, আপনারা যারা বিএনপি করেন আমার বিশ্বাস তারা ধানের শীষের বিপক্ষে যেতে পারেন না। আজকে যারা উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতন হুমকি ধামকি ও গুমকে উপেক্ষা করে রাজনীতির মাঠে রাত জাগা প্রহরীর মতো কাজ করেছেন।

তিনি বলেন, এ দেশের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শকে বুকে লালন ধারণ করেছেন। সেই সকল নেতাকর্মী আজ কিভাবে ধানের শীষের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন, এটা আমার ভাবনায় আসে না। এই সলিমপুর ইউনিয়নে বিএনপির অনেক নেতাকর্মী মান-অভিমান করে দলের বাইরে ছিলেন। আজ তারা নিজেদের ভুল বুঝতে পেরে ধানের শীষের কাতারে শামিল হয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়নের চাকা দ্রুত গতিতে ঘুরে যাবে। বিএনপি ক্ষমতায় এলেই এ দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়, আপনারা তা দেখেছেন। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন। দেশে মেগা প্রকল্পের নামে তারা মেগা দুর্নীতি করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আজ দেশে ফ্যাসিস্ট সরকার নেই। এখন সময় এসেছে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ধানের শীষের বিপক্ষে কাজ করছেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে। এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দেবেন।

ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মোটরসাইকেলের সমর্থক সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির মন্ডল, কামাল পারভেজ চাঁদ, রবিউল মোল্লা, নূর সালাম, সাহাবুল সরদার, বিপ্লব সরদার, আতা প্রামানিক, তরিকুল ইসলাম, জাকির হোসেন, হেলাল উদ্দিন, মাহাবুল ইসলাম, মনজুর রহমান বাবলু, আব্দুস সবুর, বাহাদুর সরদার, মোস্তফা জামান নয়ন, রাজীব বিশ্বাস হাবিবুর রহমান হাবিবের হাতে ফুল দিয়ে ধানের শীষের প্রচারণায় অংশ নেন।

সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রতনের সঞ্চালনায় উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব প্রমুখ।

এর আগে, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের শ্রমিকদের নিয়ে উঠান বৈঠক, সলিমপুরের পাঠশালা মোড়ে পথসভা এবং সাকরেগাড়ি মোড়ে ধানের শীষের প্রচারণা অফিস উদ্বোধন করা হয়।

হাবিবুর রহমান হাবিব,ধানের শীষের প্রচারণা,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত