
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই- ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ৩ (ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সাটুরিয়ায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন।
গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেন, তারা আমাদের সহায়তা করবেন। সেনাবাহিনী-সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে আছেন, কোনো অনৈতিক কাজ করা যাবে না। প্রয়োজনে নির্বাচন সাময়িক বন্ধ করে দেবেন। তারপরও অনৈতিক কাজ করবে না।
তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসার আপনারা কেন্দ্রের প্রধান। নির্বাচনের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনও-সহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে, পরিবেশ সুন্দর রাখতে হবে।
আপনারা জানেন, নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে, কেন্দ্রগুলি সিসি ক্যামরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও সুরক্ষা অ্যাপ ব্যবহার করবে। কোনো অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে আপনারা সাপোর্ট টিম পেয়ে যাবেন। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, কোনো প্রেসার নেবেন না।
গণভোট থাকায় ভোট গণনায় একটু দেরি হতে পারে। তবে আপনাদের সঠিক পরিকল্পনা করে নিলে ৩-৪ ঘন্টার মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচন সিস্টেম ভুলে যেতে হবে। আমাদের নির্বাচনের যে হারানো গৌরব তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। জুলাই ২০২৪ না আসলে আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, বিপিএম, সেনাবাহিনী প্রতিনিধি, মেজর এ এম এস রাফিউল চৌধুরী, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিত গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম-সহ আরও অনেকেই।
দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩৪ জন এবং ৬৬৮ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।