
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনে ৩৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার প্রচারণায় তারা মাঠে নেমেছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই এ প্রচারণা জমে উঠছে। মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসন দুটিতে বিএনপির জয় লাভ করতে পারে বলে স্থানীয় ভোটারদের অভিমত। আর বাকি ৪টি আসনে বিএনপি ও জামায়াতের ভোট যুদ্ধ হবে।
তবে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে এখন জামায়াতের অনেকটাই প্রভাব রয়েছে।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসন আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল এবং স্বাধীনতার পর ওই আসন আওয়ামী লীগের দখলে ছিল। এ আসনে এবার মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও বিএনপির প্রার্থী সেলিম রেজা ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহীনুর আলমের মধ্যে ভোট যুদ্ধ হবে। এ আসনে নারী পুরুষ মিলে মোট ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন ভোটার রয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এজন্য এ আসনে এগিয়ে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে এবার আলোচনা উঠছে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের মধ্যে ভোট যুদ্ধ হবে। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) বিএনপির আসন হিসেবেই পরিচিত। এ আসনে ভোট যুদ্ধ করছেন বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ও ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা: আব্দুর রউফ সরকার। তবে এ আসনে বিএনপির বিজয় অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে ভোটাররা। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির প্রার্থী এম. আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে ভোট যুদ্ধ হবে। তবে এ আসনে এখন জামায়াতের প্রভাব নিয়েও কথা উঠছে। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলমের মধ্যে ভোট যুদ্ধ হবে। তবে এ আসনেও জামায়াতের প্রভাব এখন আলোচনায়। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এম এ মুহিত ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের মধ্যে ভোট যুদ্ধ হবে। তবে এ আসনে বিএনপির প্রভাব বেশি। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন।
সিরাজগঞ্জের সংসদীয় এ ৬টি আসন নিয়ে নানা হিসেব-নিকেশ ও সমীকরণ চলছে। স্ব স্ব আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীসহ সমর্থকরা নির্বাচনী মাঠে রয়েছেন এবং মিছিল মিটিংসহ প্রচার প্রচারণায় শহর বন্দর ও গ্রামাঞ্চল এখন অনেকটা জমে উঠেছে। এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ৯২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।