ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঐক্য সরকার প্রস্তাব নাকচ, এককভাবে জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান

ঐক্য সরকার প্রস্তাব নাকচ, এককভাবে জয়ের বিষয়ে আশাবাদী তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজস্ব শক্তিতেই সরকার গঠনের মতো পর্যাপ্ত আসনে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?”

তিনি আরও বলেন, “আমি জানি না তারা (জামায়াত) কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে। আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব।”

তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগীরা দাবি করেছেন, এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পেতে পারে। ৩০০ আসনের সংসদে দলটি ২৯২টি আসনে নিজস্ব প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরিক দলগুলোর জন্য। যদিও তারেক রহমান নিজে নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, “আমাদের আত্মবিশ্বাস আছে আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হব।”

উল্লেখ্য, দেশের স্থিতিশীলতা বজায় রাখার কথা উল্লেখ করে নির্বাচন-পরবর্তী সময়ে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। দলটি মনে করে, ২০২৪ সালে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় তৈরি পোশাক খাত ব্যহত হওয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রয়োজন। পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে জামায়াত।

সাক্ষাৎকারে পররাষ্ট্রনীতি নিয়েও প্রশ্ন করা হয় তারেক রহমানকে। জয়ী হলে বাংলাদেশ কি ভারত থেকে সরে চীনের দিকে ঝুঁকবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে। দেশে আমাদের ব্যবসা আনতে হবে যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন।”

“তাই, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যেসব প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।”—যোগ করেন তিনি।

স্বৈরাচার শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না—এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, “যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়। তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।”

এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করতে পারবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

সূত্র: রয়টার্স

বিএনপি,জামায়াতে ইসলামী,তারেক রহমান,ঐক্য সরকার,জাতীয় সংসদ নির্বাচন,রাজনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত