ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধে খুন, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধে খুন, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে দিনের বেলায় প্রকাশ্যে তরুণ স্যানেটারি ব্যবসায়ী জাহিদ হাসান (২৭)কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ এর সহযোগিতায় আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাতুলকে গ্রেপ্তার করে। পরে তাকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে নেওয়া হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মেছোঘাটা এলাকার রাজুর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর মহল্লার মাহতাব ফকিরের ছেলে জাহিদ হাসান ফকির এলাকায় স্যানেটারি ব্যবসা শুরু করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। মায়ের কাছে তিনি জানান, ২ হাজার ৫০০ টাকা পাওনা আনতে যাচ্ছেন।

এর কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় সাহেব আলীর মনোহারি দোকানের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা দ্রুত অটোরিকশায় করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

এ ঘটনার পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিহতের বাবা মাহতাব ফকির বাদী হয়ে রাতুলসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (নং-১৯) দায়ের করেন।

হত্যাকাণ্ডের কয়েকদিন পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত জাহিদ হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে শনিবার গভীর রাতে থানায় আনা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত