
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনার রংপুরে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।
আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং পুলিশ সুপার মারুফাত হুসাইন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে হবে।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, একুশ আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপসহীন হতে। ভাষা আন্দোলনের চেতনা থেকেই বাঙালি জাতি পরবর্তীতে স্বাধীনতার পথে অগ্রসর হয়। এই চেতনাই আমাদের একটি সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ গঠনে প্রেরণা জোগাবে।