ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের আঞ্চলিক সড়ক খানাখন্দে পরিণত, জনদুর্ভোগ

সিরাজগঞ্জের আঞ্চলিক সড়ক খানাখন্দে পরিণত, জনদুর্ভোগ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহর থেকে খালকুলা আঞ্চলিক সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। এ জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এলজিইডির আওতাধীন ওই আঞ্চলিক সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এ কারণে এ সড়কে খানাখন্দ ও বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ সড়ক এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ সড়ক বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলের একমাত্র ভরসা এবং কৃষকেরা খাদ্যশস্য হাট-বাজারে ক্রয়-বিক্রয় করতেও দুর্ভোগে পড়তে হয়। প্রায় ৪০ মিনিটের রাস্তা চলাচলে এখন সময় লাগে আড়াই ঘণ্টার বেশি।

এ জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টির পানিতেই এ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে প্রায় প্রতিদিনই ওই সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

এ দুর্ভোগ রোধে সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও একাধিক দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী। কিন্তু জনস্বার্থে করা এসব আবেদন এখনও কাজে আসেনি। যে কারণে এ সড়কে দুর্ভোগের প্রভাব বেড়েই চলছে। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান ‘আলোকিত বাংলাদেশ’কে বলেন, জনস্বার্থে এ সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে এবং এ প্রস্তাবে অনুমোদন পাওয়া গেলে সরকারি বিধি অনুযায়ী সংস্কারের কাজ শুরু করা হবে।

জনদুর্ভোগ,খানাখন্দে পরিণত,আঞ্চলিক সড়ক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত