
রমজান মাসে চুয়াডাঙ্গার বাজারে প্রায় সব ধরনের ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ইফতারে ফলের চাহিদা বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়াকে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। মানভেদে প্রতি কেজি ফলে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা যায়, আপেল, কমলা, আঙুর, বেদানা, মাল্টা, কলাসহ প্রায় সব ফলের দাম বেড়েছে।
এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পুষ্টিকর এসব খাদ্যপণ্য। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে জেলায় ফলের আমদানি তুলনামূলক কম। অন্যদিকে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য নষ্ট হয়েছে। ফলে পাইকারি পর্যায়ে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা পৌরবাজারের ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘ভারত থেকে এখন তেমন ফল আসছে না। বিদেশি ফল আনতে খরচ বেশি পড়ছে। পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। রমজানে ফলের দাম বাড়াটা স্বাভাবিক।’