
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত দিয়ে ফাল্গুনী রায় (২৯) নামে এক নারীকে দু' দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি -বিএসএফের কাছে। আজ রবিবার (৮ মার্চ) দুপুর ১২ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি -বিএসএফ মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। ফেরতকৃত ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী(ট্যাংবা কলোনি) গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে। এ সময় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ,দর্শনা বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হক সহ ৭ জন ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, গেদে বিএসএফ ক্যাম্পের সহকারী কমান্ডার আই,সি, সিং সহ ৭ জন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ জুন ২০২৫ তারিখে ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যরা ফাল্গুনী রায়কে আটক করে। এরপর ওই দিনই তাকে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদাহ জেলায় দু'টি মামলা হয়। দীর্ঘ প্রায় ১ বছর ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজা ভোগের পর অবশেষে আজ রবিবার দুপুরে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে বিএসএফের কাছে হস্তন্ত্র করেন বিজিবি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ।