
ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। হামলার ফলে ছিদ্র হওয়া তেলের পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে রাস্তায় দাউদাউ করে ‘আগুনের নদী’ তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের রাস্তার পাশে ড্রেনের ভেতর দিয়ে দাউদাউ করে আগুন বয়ে যাচ্ছে। তেলের এই প্রবাহে সাধারণ রাস্তাগুলো আগুনের কুণ্ডলীতে পরিণত হয়েছে।
ইরানি তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের মোট তিনটি এলাকার জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন।
এদিন তেহরান ও আলবোরজের চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে।
হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরান সরকার দাবি করেছে, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা