
পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে দিবসটি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমাজে তাদের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মলিহা খানম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মাজেদা খানম। এ সময় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ।
অনুষ্ঠানে উত্তর সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. তানহা উদরা এবং পশ্চিম সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. নাজিলা হাসান আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পশ্চিম সুবিদখালী স্বপ্নসারথি দলের কিশোরী মোসা. নাজিফা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, প্রশাসন, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার কার্যক্রমের প্রশংসা করা হয়।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মো. ইদ্রিস আলী বিশ্বাস এবং সিও (সেলপ) ঝুমুর রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।