
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের বাসন্ডা গ্রামের কৃষক দুলাল হাওলাদার (৫০) চিচিঙ্গা চাষ করে বাম্পার ফলন পেয়ে লাখপতি হওয়ার সম্ভাবনা দেখছেন। নিজ বাড়ির পাশে প্রায় ১২০ শতাংশ জমিতে মাচায় বিষমুক্ত চিচিঙ্গা চাষ করে তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। কম খরচ ও উচ্চ মূল্যের কারণে এলাকায় অন্য কৃষকদেরও সবজি চাষে আগ্রহী করে তুলেছেন তিনি।
জানা যায়, গত তিন মাস আগে কার্তিক মাসের মাঝামাঝি সময় তিনি নিজ উদ্যোগে ১২০ শতাংশ জমিতে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার চিচিঙ্গার চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনায় মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই গাছে ফলন দেখা দেয়। এখন ফলগুলো বড় হয়ে মাচাজুড়ে থোকায় থোকায় ঝুলছে অসংখ্য চিচিঙ্গা। তিনি প্রায় আগামী তিন মাস যাবৎ এই চিচিঙ্গা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
কৃষক দুলাল হাওলাদার জানান, চিচিঙ্গা চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। বর্তমানে প্রতিদিন ক্ষেত থেকে প্রায় ১০ মণ করে চিচিঙ্গা সংগ্রহ করা হচ্ছে। এসব চিচিঙ্গা স্থানীয় বাজার ও পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ হিসাব অনুযায়ী খরচ বাদ দিয়ে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মতো লাভ করতে পারবেন। ফলে তার পারিবারিক আর্থিক সচ্ছলতা অনেক বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ক্ষেতটি পরিদর্শন করেছি, তাকে সরকারের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে।