
পবিত্র ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী। শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলারপৌর শহর এলাকার ইসলামপাড়ার স্বপনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের আলী হোসেন মার্কেটের শাহীন ইলেকট্রিক দোকানে কর্মরত ছিলেন। আহত হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দুই বন্ধু শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে যায়। পথিমধ্যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে সুরুজ আলী ও হৃদয়তারা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।