অনলাইন সংস্করণ
২০:০৯, ২৩ মার্চ, ২০২৬
কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার হেমন্তগঞ্জে কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের নজির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।
নজির গ্রুপের আহত ২১ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঈদের আগে থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সোমবার সকালে হেমন্তগঞ্জের লাউকুড়ার মাঠে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ সংক্রান্তে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি।