
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোরের মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন— জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা নিহত হন। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনি পরিবারের সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।