
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। আত্মীয় স্বজনদের সাথে ঈদের ছুটি কাটানোর পর অনেককে খোশ মেজাজে নগরীতে ফিরতে দেখা গেছে।
এদিকে, ঈদ, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ।
ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম থাকাটা স্বাভাবিক। তবে আগামী এক-দুই দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে বলে তিনি মনে করেন।
আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক মোতাহের হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ব্যস্ততা কম থাকায় শুভেচ্ছা বিনিময় করে সময় কাটিয়েছে সহকর্মীরা। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে লেনদেন বাড়বে।
অনেকেই কর্মস্থলে যোগ দিতে আগে ভাগেই ফিরছেন নগরে। তবে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেও ছিল নগরের বিভিন্ন প্রবেশপথে নগরে ফেরা মানুষের ভিড়। নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড় ও বিআরটিসিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে অন্যবারের তুলনায় ভোগান্তি কম থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।
ফিরতি যাত্রায় যাত্রীরা জানান, যাওয়ার সময় কিছুটা ভিড় ও চাপ থাকলেও ফেরার পথে যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। কোথাও বড় ধরনের ভোগান্তি হয়নি। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকে।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন সংশ্লিষ্টরা সতর্ক ছিলেন। কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং যাত্রীরা নির্বিঘ্নে ফিরতে পারছেন। এবারের বাড়ি ফেরা সকলের জন্য স্বস্তিদায়ক বলে জানান তিনি।