
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঈদ আনন্দকে ঘিরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় উদ্যোক্তা ক্লাবের আয়োজনে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নকশি ফোড়নের উদ্যোক্তা নুরচাদ জাহান নিপা, সুঁই সুতার পরশের নাইচ জামান ইভন, বর্ণবাজারের ফারহান লাবিব, আলোর দিগন্তের উদ্যোক্তা সাম্মী খাতুন, পিউরলি কাস্টের উদ্যোক্তা মিসকাত তাবাসসুম, আফরিনার উদ্যোক্তা আফরিনা, বুখারী ফ্যাশন হাউজের শরীফা খাতুন, পাটোয়ারী অর্গানিক এগ্রো ফার্মের রাজু পাটোয়ারী, ফ্রেশ কেক বাই পুষ্পের উদ্যোক্তা মোছা. কাজল, হোয়াইট গার্ডেনের উদ্যোক্তা কাউসার মৃধা, ফুডি ম্যামের উদ্যোক্তা মৌসুমী শ্রাবণী এবং কামাল ই-কমার্সের উদ্যোক্তা মালিক কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে, পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে।
তারা আরও বলেন, ঈদকে সামনে রেখে এই মেলা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোক্তারা বলেন, এমন মেলার মাধ্যমে তারা নিজেদের তৈরি ও সংগ্রহ করা পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে বিক্রির সুযোগ যেমন বাড়ছে, তেমনি স্থানীয় নারী ও তরুণ উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার পথও প্রসারিত হচ্ছে।
মেলায় ঈদ উপলক্ষ্যে পোশাক, হস্তশিল্প, কেক, খাদ্যপণ্য, অর্গানিক পণ্যসহ নানা ধরনের সামগ্রীর প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।