ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের প্রথম সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসকের প্রথম সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিক সভা করেছেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদের সভাকক্ষে বিদায়ী প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় তিনি বক্তব্য রাখেন।

সভায় নবনিযুক্ত প্রশাসক বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে এবং জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং জেলা পরিষদকে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের দায়িত্ব ব্যক্তিগত কোনো প্রাপ্তি নয়; এটি জনগণের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহের উন্নয়ন এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অতীতের অনিয়ম ও দুর্নীতির প্রভাব কাটিয়ে জেলা পরিষদকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসক কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অনেকে।

সভায় বক্তারা নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদাও প্রশাসকের নেতৃত্বে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলা পরিষদের বিদায়ী প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম সভা অনুষ্ঠিত,পরিষদের প্রশাসক,ময়মনসিংহ জেলা পরিষদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত