
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নাঈম (১৩) নামে এক নবম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। এ সময় রাফিদ (১৬) আহত হয়।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
নিহত নাঈম সদর উপজেলার উক্ত গ্রামের সাজিরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উক্ত গ্রাম থেকে মোটরসাইকেলযোগে রাফিদ ও নাঈম দুই বন্ধু ঘুরতে বের হয়। তারা দুজনেই দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে রাফিদ ও নাঈম দুজনই গুরুতর আহত হয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের বাবা সাজিরুল জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।