
ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করেছেন বড় ভাই, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার গোলাম কবির। নিহত হুমায়ুন কবির মিন্টু (৫২) অভিযুক্ত গোলাম কবিরের আপন ছোট ভাই।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামে ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির তার ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।