
কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে এক মুসল্লিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। প্রথমে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তিনি হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার একপর্যায়ে পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামের এক মুসল্লির হাতে ছুরিকাঘাত লাগে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।