
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। স্বার্থান্বেষী মহল অতিরিক্ত তেল সংগ্রহ করে বাজারে অস্থিরতার সৃষ্টি করছে।
বুধবার রাতে শহরের মিরপুর এলাকার পেট্রোল পাম্প পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মোটরসাইকেলের ট্যাংক ব্যবহার করে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে এবং বাজারে বেশি দামে এ তেল বিক্রি করছে। এ কারণে তারা সাময়িকভাবে লাভবান হচ্ছে এবং পরিস্থিতি কিছুটা জটিল আকার সৃষ্টি করছে। এমন কার্যক্রম মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সবাইকে। তেল পাম্প চত্বরে আগে ভিড় দেখা না গেলেও এখন সুযোগ সন্ধ্যানীরা ভিড় জমাচ্ছে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে নজরদারির নির্দেশ দেন তিনি। এছাড়া মোটরসাইকেলে সীমিত পরিমাণে তেল সরবরাহ এবং তেল দেওয়ার আগে চালকদের কাগজপত্র দেখার কথাও বলেন তিনি।
এ সময় জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।