ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, ভর্তুকি দিচ্ছে সরকার

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, ভর্তুকি দিচ্ছে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, বহির্বিশ্বে অস্থিরতা থাকা সত্ত্বেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেয়নি এবং দেশের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে জ্বালানি তেল নিয়ে কিছু মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করা হয়নি। তবে হঠাৎ করে জ্বালানির চাহিদা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

আগে প্রতিদিন ডিজেলের গড় চাহিদা ছিল প্রায় ১২ হাজার টন এবং পেট্রোল-অকটেনের চাহিদা ছিল ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন।

কিন্তু ঈদকে সামনে রেখে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং ধর্মগুরুদের সম্মানি চালু করা হয়েছে। আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড চালু করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি ও সমাজের দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যশোর সদর ও পৌরসভার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। এ কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।

ভর্তুকি দিচ্ছে সরকার,দাম বাড়ানো,জ্বালানি তেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত